প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:16 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:50 PM

আহারে পুরুষ!

জাহিদ হোসেন : ভালোবেসে সে প্রথমে প্রেমিক হয়ে ওঠে। তাঁর জীবনে তখন অশোকের কিংশুকের অলক্ষ্য রঙ। সে অকারণে সুখী। চলতে ফিরতে গুনগুন করে। জলের বুকে আল্পনা এঁকে মুগ্ধ হয়ে দেখতে থাকে অপূর্ব কারুকাজ। তারপর তাঁর পদোন্নতি হয়। প্রেয়সীকে সে দেবীর আসনে বসায়। প্রেমিক থেকে সে পূজারি হয়ে ওঠে। তাঁর মনমালঞ্চে পদ্ম হয়ে ফুটে থাকে প্রেমিকার অতুল পদতল। এই আকাশ আলো অন্তরীক্ষে তাঁর একমাত্র সঙ্গীত হয়ে ওঠে ‘চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে...’। তারপর হয়তো প্রেম ধীরে মুছে যায়। হয়ত ‘নিতান্ত মাটির মনে হয় সোনার মোহর’। দেবী আর পুজারির কথা কমে। 

কৌতুহল ফুরোয়, গল্পেরা দিগবদল করে। একদার একমেবাদ্বিতীয়ম প্রেমিক পুরুষটি তখন তারই গড়া প্রেম মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে থাকে ভিক্ষাপাত্র হাতে। যদি একটু প্রসাদ পাওয়া যায়। অথবা সামান্য দৃষ্টিপাত। বোকা পুরুষ ভুলে যায়, ভিক্ষুককে দয়া করা যায়, ভালোবাসা যায় না। তারপর অভিমান পাথরের মত জমাট অপমান হয়ে বুক চেপে ধরে। বেদনাবিধুর আকাশে কেবল এক সমাপ্তিসঙ্গীতের সুর...‘ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম। এখনো তো ভালোবাসি তবুও কী নাই ...’ আহারে পুরুষ। একটা আস্ত জীবন তাঁর কেটে যায়, প্রতীক্ষায়। ফেসবুক থেকে